নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘মাঘের শীত বাঘেও ভয় পায়’.. এদিকে মাঘ মাসের ১২ দিন পার হয়ে গিয়েছে কিন্তু জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। প্রশ্ন হল, চলতি মরশুমে কি জাঁকিয়ে শীত আর পড়বে না? এর মধ্যেই বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনে তাপমাত্রা ফের কমতে পারে।তবে জাঁকিয়ে শীত এখনই নয়। রাজ্যের সর্বত্র আগামী তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। তার পরের দু’দিনে আবার পারদ চড়বে ২ থেকে ৩ ডিগ্রি।
অন্যদিকে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। মঙ্গল ও বুধবার এই দু’দিনের মধ্যে উত্তরের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে।
কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা অনেকটাই কমল।আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় কোন পরিবর্তন নেই।আগামী বুধবার(২৯ জানুয়ারি)থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথমে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে।
সোমবার(২৭ জানুয়ারি)কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের কমল। ১৪ ডিগ্রির ঘরে চলে এল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা। আগামিকাল মঙ্গলবার সকালে কুয়াশার পরিমাণ একটু বাড়তে পারে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার(২৭ জানুয়ারি)ও মঙ্গলবার(২৮ জানুয়ারি)উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।