নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে চলেছিল বুধবার । এই ঘটনার পর রাজ্যের মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন । তাই ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাতারাতি বদল হল ৪ পুলিশকর্মী। তাদের মধ্যে এক অফিসার ও চার কনস্টেবল। বৃহস্পতিবার একথা জানান, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।
সেইসঙ্গে মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত যুবক ভিক্কি কেওড়াকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে । জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কালিকা পুর সায়ের পাড়ার বাসিন্দা। পরিবারের লোকজনের দাবি ধৃত মানসিকভাবে অসুস্থ তাই এই কাণ্ড ঘটিয়েছে । ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । শুধু তাই নয় হামলার ঘটনার পর বদল আনা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। আসানসোলে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।
বুধবার আসানসোলে মলয়ের আপকার গার্ডেনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতর। অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন। অভিযোগ, মন্ত্রীর অফিসের কাঁচের টেবিল ভেঙে দিয়েছেন ওই ব্যক্তি। যদিও সেইসময় বাড়িতে ছিলেন না মন্ত্রী । তবে এই ঘটনায় আতঙ্কিত মন্ত্রীর পরিবার। মন্ত্রীর বাড়িতে হামলার খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ ।