নিজস্ব প্রতিনিধি: আর ধারাবাহিক নয়, এবার রুপোলী পর্দার নায়ক শেখ রিজওয়ান রব্বানি। হাতে রয়েছে তিন তিনটি ছবির কাজ। টলিউডের প্রথম সারির নায়িকাদের সঙ্গে জুটি বাঁধছেন রিজওয়ান। তাই আপাতত ছোট পর্দায় আর দেখা যাবে না রব্বানিকে। ইতিমধ্যেই স্টার জলসায় একাধিক ধারাবাহিকের নায়ক হয়েছেন তিনি। পেয়েছেন দারুণ জনপ্রিয়তাও। হাত পাকিয়েছেন অভিনয়ে। সেই পুঁজি করেই এবার বড় পর্দায় এন্ট্রি নিচ্ছেন নায়ক। এই মূহুর্তে তিনি প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়ের নায়ক। অভিরূপ ঘোষ, রোহন সেন, শরৎ রিয়াঙ্ক-এর মতো পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর তিনটি ছবির নাম যথাক্রমে ‘মৃগয়া’, ‘নায়িকা’, ‘মুখোশ’।
এই মূহুর্তে শহর জুড়ে শুটিং করছেন অভিনেতা। তবে কী, তাঁকে আর ছোট পর্দায় দেখা যাবেনা? না এই বিষয়ে অভিনেতা কিছুই জানাননি। শোনা যাচ্ছে, অভিনেতার তিনটি ছবিতে তিনিই মূল আকর্ষণ। একটি রোমান্টিক ছবি এবং অন্য দু’টি রহস্য-রোমাঞ্চ। ছবিগুলিতে তাঁকে অ্যাকশন হিরো, ব্যাট-বল হাতে ক্রিকেটার হিসেবেও দেখা যাবে। আর অ্যাকশন এবং খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করবেন বলে ওজন ঝরাচ্ছেন তিনি। অনেকটাই রোগা হয়ে গিয়েছেন রিজওয়ান। তাঁর দু’টি ছবিতে দুই নবাগতা নায়িকাকেও দেখা যাবে।
তাঁদের নাম যথাক্রমে প্রিয়াঙ্কা এবং সুস্মিতা। ইতিমধ্যেই রিজওয়ানের তিনটি ছবির সিংহভাগ শুটিং সাড়া হয়ে গিয়েছে। এদিকে টলিউডের অন্দরে গুঞ্জন, এক বার বড় পর্দায় সফল হলে রিজওয়ানকে আর ছোটপর্দায় দেখা যাবেনা। তবে বিষয় নিয়ে এখনও মুখ খোলেন নি অভিনেতা। এ দিকে একসময় একাধিক সাক্ষাৎকারে নায়ক বলেছিলেন, নিজের শিকড়কে তিনি কখনই ভুলবেন না, ভাল গল্প পেলে অবশ্যই ধারাবাহিক করবেন তিনি।