নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটে জনতা-জনার্দনের মন জিততে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবার দিল্লির পড়ুয়াদের জন্য বাস ভাড়া মকুবের কথা ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে বিজেপিকে চাপে ফেলতে দিল্লি মেট্রোয় পড়ুয়াদের জন্য ভাড়ার ৫০ শতাংশ ছাড় দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট। তৃতীয়বার যেমন ক্ষমতায় ফিরতে মরিয়া, তেমনই দীর্ঘ ২৩ বছর বাদে ক্ষমতা দখল করতে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপিও। অন্যদিকে হাত গুটিয়ে বসে নেই কংগ্রেসও। দেশের রাজধানীতে অস্তিত্ব রক্ষার লড়াইকে সম্মানের লড়াই হিসাবেই দেখছেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধিরা। খাতায় কলমে ত্রিমুখী লড়াই হলেও মূলত আপ ও বিজেপির মধ্যেই সেয়ানে-সেয়ানে টক্কর হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই জনতা-জনার্দনের মন দখলে একের পর এক প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন আপ-কংগ্রেস ও বিজেপি নেতারা। তিন দলই মূলত মহিলা ও তরুণ প্রজন্মের ভোট ব্যাঙ্ককে টার্গেট করেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সাংবাদিক সম্মেলনে দিল্লির পড়ুয়াদের জন্য বড়সড় ঘোষণা করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে পড়ুয়ারা বিনে ভাড়াতেই বাসে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, ‘ছাত্রদের জন্য আমরা সস্তায় পরিবহণ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগেই মহিলাদের জন্য বাস ভাড়া মকুবের কথা জানিয়েছিলাম। এবার ছেলেদের জন্যও বাস ভাড়া মকুবের সিদ্ধান্ত নিয়েছি।’ দিল্লির মেট্রোতে যাতে পড়ুয়ারা বিনে পয়সায় যাতায়াত করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ৫০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিল্লি মেট্রো রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগ। তাই কেন্দ্র যদি পড়ুয়াদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেয়, তাহলে দিল্লি সরকারও ৫০ শতাংশ ছাড় দেবে। সেক্ষেত্রে বিনে ভাড়ায় পড়ুয়ারা যাতায়াত করতে পারবে।’