নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রামে একের পর এক তৃণমূল কর্মীর মৃত্যু হচ্ছে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই আবহে এবার বদল করা হলো নন্দীগ্রাম থানার আইসি-কে। এতদিন এই দায়িত্বে ছিলেন অনুপম মণ্ডল। তাঁকে বদলি করা হয়েছে ডিআইবি-তে। তবে অনুপমের জায়গায় নতুন আইসি কে হয়েছেন তা জানানো হয়নি।
গত ২৬ ডিসেম্বর নিজের দোকানের কাছ থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর রক্তাক্ত দেহ। এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে বলে অভিযোগ ওঠে । স্থানীয়রা জানিয়েছিলেন , বুধবার রাতে তিনি যখন দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন সেইসময় বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । এরপর থেকেই খোঁজ মেলেনি মহাদেবের । বৃহস্পতিবার সকালে তাঁর দোকানের কাছ থেকেই উদ্ধার হয় রক্তাক্ত দেহ । এই ঘটনা নিয়ে এখন কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
অন্যদিকে মন্দারমণিতে ঘুরতে গিয়ে হোটেলে উদ্ধার হয়েছিল আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপ প্রধানের স্বামী আবুল নাসারের ঝুলন্ত দেহ । সেই ঘটনায় গ্রেফতার অতাউর মণ্ডল ও তনুশ্রী মুখ্যপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা বর্তমানে রয়েছেন ৫ দিনের পুলিশি হেফাজতে । পর পর এই দুই ঘটনার জেরে বদল হল নন্দীগ্রাম থানার আইসি।