নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সন্ধ্যা থিয়েটার পদপিষ্টের ঘটনায় তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে টানা জেরার মধ্যেই বিরাট পদক্ষেপ পুলিশের। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘পুষ্পা-২’ নায়কের সর্বক্ষণের সঙ্গী তথা ব্যক্তিগত দেহরক্ষী অ্যান্টনিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন সন্ধ্যা থিয়েটারের সিসিটিভি ফুটেজ দেখেই আল্লুর সর্বক্ষণের সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে বলে হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা-২’ ছবির বিশেষ প্রিমিয়ারের। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহের সামনে। ‘পুষ্পা-২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক মহিলা। গুরুতর জখম হন আরও একাধিক দর্শক। ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই রেবতীর পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। যদিও মৃত্যুর পরিবর্তে ওই টাকা নিতে রাজি হয়নি রেবতীর পরিবার। বরং চিক্কদাপল্লী থানায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করে পুলিশ।
গত ১৩ ডিসেম্বর সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয় ‘পুষ্পা-২’ নায়ককে। গ্রেফতার করে সোজা নিয়ে যাওয়া হয় চিক্কদাপল্লী থানায়। পরে আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে বিচারক তেলগু সুপারস্টার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ দুপুরেই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন ‘পুষ্পা-২’ নায়ক। দীর্ঘ শুনানি শেষে ৫০ হাজার টাকার বন্ডে চার সপ্তাহের জন্য আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এক রাত জেলে কাটিয়ে পরের দিন ১৪ ডিসেম্বর শনিবার বাড়ি ফিরে আসেন আল্লু অর্জুন। কিন্তু পদপিষ্টের ঘটনা নিয়ে কাজিয়া বন্ধ হয়নি। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) পদপিষ্টের ঘটনাকে হাতিয়ার করে ‘পুষ্পা-২’ নায়কের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ব্যাপক ভাঙচুরও চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে আটক করে।
পদপিষ্টের ঘটনায় জেরার জন্য এদিন সকাল ১১টায় আল্লুকে ডেকে পাঠান তদন্তকারীরা। সেই তলবে সাড়া দিয়ে চিক্কদাপল্লী থানায় পৌঁছেও যান পুষ্পা-২ নায়ক। আল্লুকে জেরার মধ্যেই তদন্তকারীরা গ্রেফতার করেন তার বাউন্সার অ্যান্টনিকে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার দিন ভিড় এড়াতে ব্যক্তিগত দেহরক্ষী অ্যান্টনিকেই বাউন্সার বাহিনী জোগাড়ের দায়িত্ব দেন আল্লু অর্জুন। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ প;রীক্ষা করে দেখা গিয়েছে, ভিড় সামলাতে না পেরে উপস্থিত দর্শকদের কার্যত হেনস্থা করতে শুরু করেন বাউন্সাররা। ছুড়ে ফেলা হয় দর্শকদের। আর তাতেই হুড়োহুড়ি বেঁধে যায়। যে কারণেই পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে।
Antony, the personal bouncer of actor Allu Arjun, was arrested yesterday for his alleged involvement in the stampede at Sandhya Theatre. Authorities suspect Antony played a pivotal role in the chaos during the actor’s visit.
Investigations are underway as more details emerge. pic.twitter.com/7M0zmhvL5b
— Informed Alerts (@InformedAlerts) December 24, 2024