নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় এবার কাশ্মীরি জঙ্গির হদিশ। শনিবার রাতে জঙ্গি সন্দেহে ক্যানিং থেকে গ্রেপ্তার হলো জাভেদ মুন্সি নামে এক ব্যক্তি। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । ওইদিন ক্যানিং হাসপাতাল মোড়ে এক ব্যক্তির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে জাভেদকে।
জানা গিয়েছে, অভিযুক্ত জাভেদ ক্যানিং হাসপাতালের মোড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন জাভেদ। রবিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে খবর। অন্যদিকে জঙ্গির খোঁজ মিলতেই ক্যানিং জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।
উল্লেখ্য গোয়েন্দা সূত্রে খবর বাংলায় বেড়েছে জঙ্গিদের আনাগোনা। মুর্শিদাবাদ, হরিহরপাড়া, আলিপুরদুয়ারের ফালাকাটাতেও বেড়েছে জঙ্গির কার্যকলাপ। আর তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বলা বাহুল্য, সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ক্যানিং থেকে গ্রেফতার হল কাশ্মীরি জঙ্গি জাভেদ। তবে বাংলায় এই অভিযুক্তের আত্মীয় কারা রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।