আন্তর্জাতিক ডেস্ক : পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়ে আসছে চিন-আমেরিকা। এবার তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কারণে আমেরিকার ১৩টি প্রতিরক্ষা সংস্থা ও ৬ জন নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল চিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,আমেরিকার কালো তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাঁদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হবে। ওইসব ব্যক্তিদের চিনে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই নিয়ে চিনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছে আমেরিকা। এর মাধ্যমে চিনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হচ্ছে। তাই এই ধরনের পদক্ষেপের মাধ্যমে চিনের সার্বভৌমতা রক্ষা করা হচ্ছে।
একইসঙ্গে বেইজিং এর তরফে বলা হয়েছে, আমেরিকা সম্প্রতি তাইওয়ান অঞ্চলের কাছে আবারও অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা এক চিনা নীতি লঙ্ঘন করে।
এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং, ব্রিঙ্ক ড্রোনস, র্যাপিড ফ্লাইট, রেড সিক্স সলিউশনস, শিল্ড এআই, সিনেক্সাস, ফায়ারস্টর্ম ল্যাবস, ক্রেটোস আনম্যানড এরিয়াল সিস্টেমস,হ্যাভোকএআই, নিরোস টেকনোলজিস, সাইবারলাক্স কর্পোরেশন, ডোমো ট্যাকটিক্যাল কমিউনিকেশনস এবং গ্রুপ ডব্লিউ।
এছাড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন,বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টের সিইও চার্লস উডবার্ন; ইউনাইটেড টেকনোলজিস ইউনিটের সিনিয়র এক্সিকিউটিভ রিচার্ড ক্রফোর্ড, ডেটা লিংক সলিউশনের প্রেসিডেন্ট বেথ এডলার এবং ব্রিঙ্ক ড্রোনসের সিইও ব্লেক রেসনিক।