নিজস্ব প্রতিনিধিঃ অশান্ত বাংলাদেশ। সেখানে প্রতিনিয়ত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। আর তা নিয়েই ক্ষোভের ফেটে পড়েছে এপার বাংলার মানুষ । এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলল কলকাতা ময়দানের জনপ্রিয় ক্লাব ইষ্টবেঙ্গল। বলা বাহুল্য, লাল-হলুদের অধিকাংশ সমর্থকের ‘শিকড়’ ওপার বাংলায়। আর তাই বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করল ইষ্টবেঙ্গল কর্মকর্তারা ।
সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান। আমাদের অনেক সমর্থকের পরিবার আত্মীয়জন দেশভাগের আগে এবং পরবর্তী সময়ে ৬০ বা ৭০ দশকের শেষের দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেইল পাচ্ছি। তার আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।‘
অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত (নীতু) সরকার বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দেব। একটা বিষয় পরিষ্কার করতে চাই, কেউ বিপদে পড়লে পাশে থাকাটাও বড় ব্যাপার। ‘ তবে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এখনই ইষ্টবেঙ্গল রাজপথে নামবে কিনা তা এখন জানা যায়নি ।