নিজস্ব প্রতিনিধিঃ উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। এই আবহে এবার কলকাতার পর বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা করে দিল আগরতলার দুটি হাসপাতাল। জানা গিয়েছে, আগরতলায় রয়েছে আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করে। আর তাতেই আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেন।
এই প্রসঙ্গে হাসপাতালের তরফে দেওয়া এক বিব্রতিতে জানান হয়েছে, ‘গত এক সপ্তাহ ধরে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ থেকে প্রচুর রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে। এমনকি ছাত্র ও বুদ্ধিজীবীরাও ভারতের পতাকাকে অসম্মান করেছে। সেইজন্য আমরা আপাতত বাংলাদেশিদের হাসপাতালে চিকিৎসা করব না।‘
শুধু হাসপাতালেই নয় একজন চিকিৎসকও বাংলাদেশি রোগী না দেখার কথা জানিয়ে দিয়েছেন। ইন্দ্রনীল সাহা নামে এক চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন,’ চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আমি মনে করি এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকেরাও তাই করবেন।‘ অন্যদিকে ২৯ নভেম্বর কলকাতার জে এন রায় হাসপাতালের হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগী দেখা স্থগিত করা হয়েছে। মূলত ভারতকে অপমান ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ একথায় বলা যায়, কলকাতার মত বাংলাদেশি রোগীদের নিয়ে একই সিদ্ধান্ত নিল ত্রিপুরার হাসপাতালগুলি।