নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। ভোরের দিকে দিচ্ছে উত্তুরে হাওয়া। আর এই সময় ফের গভীর নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে এসেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে আবহাওয়াবিদরা।
আলিপুর হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, এদিন দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ২৩ নভেম্বর শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে। আর তাতেই সোমবারের মধ্যে সাগরে ফের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এই নিম্নচাপের জেরে বাংলায় নেই বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এই ঘূর্ণিঝড় হলে তার প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার উপকূলে।
এদিন আবহাওয়া দফতরের তরফে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকা পর্যটকদের সতর্ক করা হয়েছে । আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সর্তকতা জারি হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে । শুধু তাই নয় দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকা উত্তাল থাকার কারণে ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন। তবে সাগরে নিম্মচাপ এলেও এখনই বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এখান থেকেই স্পষ্ট যে, আগামী বেশ কয়েকদিন রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের আমেজ।