নিজস্ব প্রতিনিধিঃ পার্কিং করাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় নারকেলডাঙায়। শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পুলিস সূত্রে জানা যায়, দুই গোষ্ঠীর মধ্যে পার্কিং নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। তাতে একজন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছে। আর শুক্রবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে আটকে পড়ে কালী প্রতিমার বিসর্জন মিছিল।
অবরুদ্ধ হয়ে যায় নারকেলডাঙা রোড। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকতলা থানার ওসি সহ পুলিশবাহিনী । এরপরেই ওসি মানিকতলাকে কেন্দ্র করে চালান হয় গুলি। ঘটনাস্থলেই আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ফাটায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে নারকেলডাঙায় থানায় মামলা রজু হয়েছে।
উল্লেখ্য, কালীপুজোর বিসর্জনকে ঘিরে প্রতিটি এলাকায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। তবে এরই মধ্যে নারকেলডাঙায় অশান্তির পরিবেশ তৈরি হয়। পুলিশ জানিয়ে দিয়েছে, তারা সেই সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। বলা বাহুল্য, কিছুদিন আগে নারকেলডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। অভিযোগ উঠেছিল যুবককে রাস্তার উপর ফেলে কুপিয়ে খুনের চেষ্টার। আর তা নিয়ে উত্তেজনা ছড়ায় নারকেলডাঙায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নারকেলডাঙায় ঘটল গোষ্ঠী সংঘর্ষের ঘটনা।