নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই মহারাষ্ট্রে আসন ভাগাভাগি করে নিল মহাযুতি জোট। শুক্রবার রাতে দিল্লিতে বৈঠক করে আসন বণ্টন চূড়ান্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উভয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিশ ।
জানা গিয়েছে, বৈঠকের মধ্যে ঠিক করা হয়েছে ২৬০ টি মহাযুতি জোটের আসনের মধ্যে ১৪২ টি আসনে লড়ছে বিজেপি। একনাথ শিন্ডের শিবসেনা ৬৬ টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপির জন্য ৫২ টি আসন নির্ধারিত করা হয়েছে। আর বাকি ২৮ টি আসন নিয়ে চলছে আলোচনা। বলা বাহুল্য, মহারাষ্ট্রে বিধানসভায় মোট আসন রয়েছে ২৮৮ টি। তারমধ্যে ২৬০ টি আসনে লড়াই করছে মহাযুতি জোট।
উল্লেখ্য, ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা নির্বাচন। ভোটের ফলপ্রকাশ ২৩ নভেম্বর। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫ টি, শিবসেনা ৫৬ টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪ টি আসনে জয়ী হয়েছিল। তবে নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির ১০৩ জন বিধায়ক রয়েছে। শিবসেনার ( একনাথ শিন্ডে) ৪০ জন বিধায়ক এবং এনসিপি (অজিত পাওয়ার )-এর ৪৩ জন বিধায়ক রয়েছে। তাই চলতি বছর মহারাষ্ট্রের বিধানসভার নির্বাচনে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।