নিজস্ব প্রতিনিধি: অল্প রানে বেঁধে রেখেও ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে হারাতে পারলেন না হরমনপ্রীত কাউররা। আর শনিবার হেরে মেয়েদের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর রাস্তা অনেকটাই কঠিন করে ফেললেন। শেষ চারে পৌঁছনোর জন্য আজ সোমবার (১৪ অক্টোবর) গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ফলাফলের দিকে হা-পিত্যেশ করে তাকিয়ে থাকতে হবে। নিউজিল্যান্ড জিতলে বিদায় নেবেন হরমনপ্রীতরা। আর পাকিস্তান জিতলে ভারত-নিউজিল্যান্ড ও মুনিবা আলিদের সমান পয়েন্ট হবে। সেক্ষেত্রে নেট রান রেটের নিরিখে শেষ চারে পৌঁছনোর ক্ষীণ আশা থাকবে হরমনপ্রীতদের।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল অজিরা। ১৭ রানের মধ্যেই দুই উইকেট খুঁইয়েছিল। তৃতীয় উইকেটে জুটি বেঁধে গ্রেস হ্যারিস ও অধিনায়ক তাহিলা ম্যাকগ্র দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। দুজনে ৬২ রান যোগ করেন। অজি অধিনায়ক ৩২ রানে সাজঘরে ফেরার পরে দলের হাল ধরেন অ্যালিস পেরি। ১৪তম ওভারে গ্রেসকে (৪০) ফিরিয়ে ধাক্কা দেন দীপ্তি শর্মা। পরের ওভারে ফিরে যান অ্যাশলে গার্ডনারও (৬)। অ্যালিসা প্যারি ও ফুবে লিচফিল্ড ষষ্ঠ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। ১৯তম ওভারে অ্যালিসা (৩২) ফেরার পরে অজিদের প্রতিরোধ গুঁড়িয়ে যায়। শেষ ওভারে দুই উইকেট খোয়ানোয় বড় রানের ইনিংস গড়তে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুঁইয়ে ১৫১ রান তোলে।
জয়ের জন্য ভারতের মেয়েদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৫২ রান। কিন্তু ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যাটাররা দ্রুত সাজঘরে ফেরেন। শেফালি ভার্মা (২০), স্মৃতি মান্ধানা (৬) এবং জেমাইমা রডরিগজ (১৬) বড় রান পাননি। চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক হরমনপ্রীত কাউর ও দীপ্তি শর্মা লড়াই চালানোর চেষ্টা করেন। ১৬তম ওভারে সোফি মিলউনিক্সের ফলে সাজঘরে ফেরেন দীপ্তি (২৯)। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। এক রান করে আউট হয়ে যান বাংলার মেয়ে রিচা ঘোষ। পূজা বস্ত্রকার (৯), অরুন্ধতী রেড্ডি (০), শ্রেয়াঙ্কা পাতিল (০) দায়িত্বজ্ঞানহীনের মতো আউট হয়ে সাজঘরে ফেরেন। একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই চালিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত (অপরাজিত ৫৪)। কিন্তু তাঁর লড়াই ব্যর্থ হয়। ৯ উইকেট হারিয়ে ১৪২ রানেই থেমে যায় ভারতের ইনিংস।