নিজস্ব প্রতিনিধিঃ মহালয়ার সকালে খাস কলকাতায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জেসিবির ধাক্কায় মৃত্যু হল স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। এদিন সকালে টিউশ্ন থেকে ফেরার পথে জেসিবি পিষে দেয় ওই পড়ুয়াকে। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর রাস্তার পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
দুর্ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে , এদিন সকালে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল ওই পড়ুয়া। সেইসময় মাটি কাটার জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। নিহত ওই নাবালক নবম শ্রেণীর পড়ুয়া।
দুর্ঘটনার পর ঘাতক জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয়রা। এক বাসিন্দা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। তাই কয়েক দিন ধরে রাস্তা সাইয়ের কাজ চলছে। আর সেইজন্য রাস্তায় রাখা ছিল জেসিবি। আর সেই জেসিবির ধাক্কাতেই প্রাণ হারল নবম শ্রেণীর পড়ুয়া। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরেই স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্বাভাবিকই সাতসকালে এই দুর্ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।