নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গা পুজো। তারআগেই বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল। আর তাতেই পুজোর মুখে কাজ চলে গেল প্রায় ৬০০ জন কর্মীর । বৃহস্পতিবার সকালে জুট মিলের এসে কর্মীরা দেখতে পায় গেটে ঝুলছে “সাসপেনশন অফ ওয়ার্ক” নোটিশ ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। রাতারাতি এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্তম্ভিত কর্মীরা। স্বাভাবিকভাবে তা দেখে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে। বুধবার এই নিয়ে তারা ম্যানেজমেন্ট এর কাছে প্রতিবাদ জানায়। তারপর এদিন সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
মিল কর্তৃপক্ষ নোটিসে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনে নজর দেয়নি। এর ফলে অন্য বিভাগের উৎপাদনে ক্ষতি হচ্ছিল। সেইজন্য অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজকর্ম বন্ধ থাকবে। কবে ফের খুলবে মিলের দরজা, তা কার্যত অনিশ্চিত। একথায় পুজোর আগে কর্মীহীন হয়ে পড়লেন কর্মীরা। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন।