নিজস্ব প্রতিনিধিঃ নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণের পর জল ছাড়তে শুরু করে ডিভিসি। প্লাবিত হয়েছে হুগলির একাধিক জায়গা। এরমধ্যেই মাথাচাড়া দেওয়া শুরু করেছে নদীর ভাঙন। এই আবহে এবার হুগলির বলাগড়ের ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়েই এলাকার অসুবিধার কথা জানান স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেল হুগলির সাংসদকে।
পরিদর্শনে গিয়ে রচনা জানান, ‘ তিন মাস আগেই এখানে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার করেছিলাম। এখন সমস্ত রাস্তা ভেসে গিয়েছে। এলাকার মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমি নদীর ভাঙন নিয়ে লোকসভায় বলেছি। কেন্দ্র সাহায্য না করলে হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের মত এখানেও বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।‘
উল্লেখ্য, বর্তমানে শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রাম এলাকায় নদী ভাঙনের মত ঘটনা ঘটছে। তাতে ঘুম উড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, তবে তাতেও মিটছে না সমাধান। কিছুতেই ভাঙন রোখা যাচ্ছে না। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে এলাকা, সেই চিন্তাতেই প্রহর গুনছেন আমজনতা। তাই এমন পরিস্থিতি দেখভাল করতে বলাগড়ে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।