নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ। এই কয়েক দিনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে প্রান হারিয়েছে বহু মানুষ। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় অবশেষে সরকারের পতন ঘটেছে বলে মনে করছে অনেকেই। সোমবার(৫ আগস্ট)বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাড়ি দেন ভারতের উদ্দেশ্যে। এর আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা। এমতাবস্থায় বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক জীবন গিয়েছে। আমরা আগামী দিনগুলোতে শান্তির বার্তা দিচ্ছি, যাতে সকলে এই মুহূর্তে শান্তি ও সংযমের মধ্যে থাকে। এই আশা রাখছি সকলের থেকে। তাঁরা যেন কেউ উত্তেজনা না ছড়ায়।’
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার (৫ আগস্ট) সারাদেশে কার্ফু জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কার্ফু ভঙ্গ করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখায়। সেই মুহূর্তে সেনাবাহিনীর নেওয়া ভূমিকাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয় এই নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে সরকার গঠন নিয়ে আরও জানিয়েছেন, ‘পুনরায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী সেই পরিবর্তন আশা করছি।’
কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়া মানুষদের জন্য মিলার আরও বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং নিহত- আহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত। এই মৃত্যুর জন্য পূর্ণ তদন্ত হওয়া উচিত।’
অন্যদিকে আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা।সংবাদমাধ্যম সূত্রে খবর,শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। চেয়েছেন নাকি যুক্তরাজ্যের কাছে। অনুমোদন মিললে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।