অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বুধবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ কুখ্যাত বন্দি পালিয়ে গেছে। পালানোর সময়ে নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। বুধবার বিকালে এ কথা জানিয়েছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা।
পদত্যাগ করলেন শেখ হাসিনা জমানায় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। বুধবার রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশের প্রধান আইন আধিকারিক।
শেখ হাসিনা জমামনার অবসান ঘটতেই বাংলাদেশ ও ঢাকা মহানগর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়েছে। বুধবার ঢাকার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাবিবুর রহমানকে। নয়া পুলিশ কমিশনার হয়েছেন মাইনুল হাসান। র্যাবের ডিজির পদ থেকে সরানো হয়েছে ব্যারিস্টার হারুন অর রশীদকে। তাঁর জায়গায় নয়া ডিজি হয়েছেন এ কে এম শহিদুর রহমান।
পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া । গতকাল মঙ্গলবার তাঁর পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়নুল ইসলাম। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোষ্য ভৃত্য’ মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নিয়োগে রাজি হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার রাতে বঙ্গভবনে তথাকথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি। হাজির ছিলেন সামরিক বাহিনীর তিন প্রধান। দীর্ঘ তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হয়। তার নেতৃত্বেই গঠিত হবে নয়া সরকার। বাকি সদস্যদের নাম শিগগিরই ঠিক করা হবে।

জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর আগে বিকেল ৩টার মধ্য সংসদ ভেঙে দেওয়ার চরম সময়সীমা দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।
বিকেল তিনটের মধ্যে ভাঙতে হবে সংসদ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সংসদ ভাঙার চরম সময়সীমা বেঁধে দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তিনটের মধ্যে সংসদ ভেঙে না দিলে বুধবার থেকে কঠোর কর্মসূচি নেওয়ার হুমকিও ছুড়েছেন নাহিদ ইসলাম-আসিফ মাহমুদরা।
হামলাকারীদের হাত থেকে বাঁচতে মঙ্গলবার দুপুরে সচিবালয় ছেড়ে পালাতে শুরু করেছেন আমলা এবং সরকারি কর্মচারিরা। কার্যত বিভিন্ন গেটে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ইতিমধ্যেই সচিবালয়ের দখল নিয়েছে সেনাবাহিনী।
ঢাকার যাত্রাবাড়ী, বাড্ডা, মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় রাতভর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। রাতে বিভিন্ন থানা থেকে সরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকাই সিনেমার নায়ক শান্ত খান ও তাঁর বাবা চলচ্চিত্র প্রযোজক সেলিম খানকে পিটিয়ে মারল বিএনপি ও জামায়াত সন্ত্রাসীরা। সোমবার রাতে চাঁদপুরের বাগেড়া বাজারের কাছে দু'জনকে গণপিটুনিতে মেরে ফেলে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ সমর্থক হওয়ার কারণেই দুজনকে পিটিয়ে মারা হয়। উল্লেখ্য, ঢাকাই সিনেমা 'বিক্ষোভ' -এ টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন শান্ত।
সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
গণ-অভ্যুত্থানের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তাঁর ইস্তফার পরেই রাতেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পৌরাহিত্যে বঙ্গভবনে বসেছিল বিশেষ বৈঠক। ওই বৈঠকে ভারত বিরোধী বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী ঐক্যজোটের একাধিক নেতা ও তিন বাহিনীর প্রধান হাজির ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে। তার পরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ওই সরকারে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কাউকে রাখা হবে না। পাশাপাশি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের পরে পরবর্তী অন্তর্বর্তী সরকার নিয়ে সোমবার রাতে বঙ্গভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকে মুক্তিযুদ্ধ ও ভারত বিরোধী নেতা ও প্রাক্তন সেনা আধিকারিকরা হাজির ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে ভারত ও মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হবে।
যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের (পাপন) ভৈরবের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সেই সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, মুক্তিযোদ্ধা চত্বর ও বঙ্গবন্ধুর ম্যুরালে ভাঙচুর চালানো হয়েছে।
সেনাবাহিনীর মদতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বাংলাদেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হামলা চালাল বিএনপি ও জামায়াত ইসলামীর গুন্ডারা। ওই তিন বেসরকারি টিভি চ্যানেল হল-সময় নিউজ, একাত্তর নিউজ এবং ইনডিপেনডেন্ট নিউজ। তিন চ্যানেলের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং থানা ঘেরাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। আত্মরক্ষায় গুলি চালান পুলিশ কর্মীরা। গুলিতে ছয় জন প্রাণ হারিয়েছেন। হামলা ও পাল্টা গুলিতে আহত হয়েছেন পুলিশ-সহ দেড় শতাধিক।
গণভবন, প্রধান বিচারপতির কার্যালয়ের পরে এবার পুলিশ সদর দফতরে হামলা চালাল উত্তেজিত জনতা। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কয়েকশ আন্দোলনকারী আচমকাই পুলিশের প্রধান কার্যালয়ে হামলা চালায়। প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর বিভিন্ন ভবনে ভাঙচুর শুরু করে। হামলায় পুলিশ সদর দফতরে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
আজ সোমবার রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
দেশ জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য পড়ুয়া ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মূল মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আওয়ামী লীগ সাংসদ-নেতা ও সদ্য প্রাক্তন মন্ত্রীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। আগামী ছয় ঘন্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দওয়া হয়েছে।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন আন্দোলনকারীরা। বিকেল পাঁচটার দিকে বেশ কিছু আন্দোলনকারী দেওয়াল টপকে ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন।
গণ-অভ্যুত্থানের ভয়ে বাংলাদেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। সূত্রের খবর, হেলিকপ্টারে চেপে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন দু'জনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে রক্তাক্ত গোটা দেশ। সোমবার কার্ফু উপেক্ষা করে ঢাকায় মিছিল শুরু করেছেন বিক্ষোভকারী পড়ুয়ারা। এই আবহে বাংলাদেশ সময় দুপুর দুটোয় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
কার্ফু ও সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে ঢাকার রাস্তায় প্রতিবাদী মানুষের ঢল। ঢাকার উত্তরার আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে এগোচ্ছে।
সাম্প্রতিক হিংসায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে সোমবারের (৫ আগস্ট) শোক মিছিলের কর্মসূচি বাতিল করা হয়েছে৷
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছেন দুই আওয়ামী লীগ কর্মী। 