নিজস্ব প্রতিনিধিঃ AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে কম বেশি সকলেই এই AI –এর সঙ্গে পরিচিত। এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সহজেই করে ফেলতে পারবেন স্কুল- কলেজের হোমওয়ার্ক। তাও আবার নিজের হাতের লেখায়। অবাক হচ্ছেন তো ? কিন্তু বাস্তবে এমনই AI মেশিন আবিস্কার হয়েছে যারমাধ্যমে সহজেই করে ফেলা যাবে হোমওয়ার্ক। এটি আবিস্কার করেছেন কেরালার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ২২ বছর বয়সী দেবদথ পি আর।
ইতিমধ্যেই এই মেশিনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এআই মেশিনটি প্রথমে আপনার হাতের লেখাটি স্ক্যান করবে। এরপর একটি সাদা কাগজের মধ্যে অবিকল আপনার হাতের লেখার স্টাইলে লিখতে শুরু করেছে। আর এই যন্ত্রের ফলে নিজের হাতে লিখতে হবে না হোমওয়ার্ক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখে এক একজন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন ,’ শিক্ষার্থীরা যদি এটি ব্যবহার করে তাহলে অনেক সুবিধা হবে।‘ আবার কেউ লিখেছেন, ‘ এই যন্ত্র শিক্ষাগত ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। এটি শিক্ষার্থীদের দক্ষতার বিকাশকে দুর্বল করতে পারে।‘
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হল কম্পিউটার বিজ্ঞানের একটি উদীয়মান ক্ষেত্র ৷ যা মানুষের বুদ্ধিমত্তাকে ঘনিষ্ঠভাবে অনুকরণ করতে পারে। এআই-এর সাহায্যে আমরা প্রচুর পরিমাণে তথ্য দ্রুত প্রক্রিয়া ও বিশ্লেষণ করার সুবিধা থাকে। তবে এআই যেমন একদিকে আগামীতে অভূতপূর্ব সম্ভাবনার দরজা খুলে দিয়েছে ৷ পাশাপাশি এর জন্য চ্যালেঞ্জের মুখোমুখিও হওয়ার সম্ভাবনা রয়েছে ।