নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক বছর বা দুই বছর নয়। টানা সাত বছর আইপিএলে চরম ব্যর্থতার মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। আর ওই ব্যর্থতার জন্য শনিবার দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সম্পর্কচ্ছেদ করল দিল্লি ক্যাপিটালস। সূত্রের খবর, আগামী মরসুমে দলের ডিরেক্টর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও প্রধান কোচের পদ থেকে অপসারণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অজি তারকা ক্রিকেটার।
২০১৮ সালে প্রধান কোচ হিসাবে রিকি পন্টিংকে নিয়োগ করেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তাঁর বিশেষ প্রশিক্ষণে ২০১৯,২০২০ ও ২০২১ সালে প্লে-অফে কোয়ালিফাই করেছিল দলটি। এমনকি ২০২২ সালে ফাইনালেও উঠেছিল। যদিও শিরোপা দখল সম্ভব হয়নি। অধরাই থেকে গিয়েছিল ট্রফি জয়। কিন্তু তার পর থেকে আর তেমন সাড়া জাগাতে পারেনি দলটি। চলতি বছরে ষষ্ঠ স্থানে থেকেই শেষ করেছিল প্রতিযোগিতা। তার পরেই টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে পন্টিংকে প্রধান কোচ হিসাবে অপসারিত করার কথা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস। তবে প্রধান কোচের পদ থেকে কিংবদন্তি অজি ক্রিকেটারকে অপসারিত করলেও গত সাত বছর ধরে তিনি যেভাবে নিষ্ঠা সহকারে দায়িত্ব সামলেছেন, তারও প্রশংসা করা হয়েছে। কীভাবে দলের প্রশিক্ষণ সবার আগে পৌঁছে গিয়ে সবার শেষে মাঠ ত্যাগ করেছেন, তারও উল্লেখ করা হয়েছে। আপাতত প্রধান কোচের পদ থেকে তাড়ালেও ভবিষ্যতে ফের একই সঙ্গে কাজ করার আশাও প্রকাশ করা হয়েছে।