নিজস্ব প্রতিনিধি : উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে জায়গা করে নিলেন তিনি। চোটের কারণে প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর নাম তুলে নেওয়ায় সেমিফাইনালে উঠে গেলেন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক।
একটা সময়ে উইম্বলডন ওপেন খেলা অনিশ্চিত ছিল জকোভিচের। হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে এবারের উইম্বলডনে পরিচিত ফর্মেই দেখা গিয়েছে তাঁকে। চতুর্থ রাউন্ট পর্যন্ত তাঁকে বড় বাধার মুখে পড়তে হয়নি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তাঁকে কোর্টেই নামতে হল না। টেইলর ফ্রিৎজ ও লোরেনজো মুসেত্তির মধ্যে যে জিতবে, সেমিফাইনালে তার মুখোমুখি হতে হবে জকোভিচকে। এদিন ১৩ বার উইম্বলডনের শেষ চারে উঠলেন ফরাসি এই তারকা।
এর আগে সোমবার ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছিল মিনাউর। সেই ম্যাচটি খেলার সময়ই চোট পেয়েছিলেন তিনি। এরপরই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। প্যারিস অলিম্পিকের কথা ভেবেই ঝুঁকি নিতে চাননি তিনি। শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে অস্ট্রেলিয়ান তারকা নাম তুলে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই শেষ চারে পৌঁছে গেলে জকোভিচ।