নিজস্ব প্রতিনিধি : দেখতে দেখতে শীত চলেই এল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশের ঘরে, পুরুলিয়াতে ১৪ ডিগ্রি।একইসঙ্গে বইছে উত্তুরে হাওয়া। উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রার পারদ আরও নীচে নামতে পারে।
ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,প্রথম শীতের আমেজের স্পেল থাকবে আরও ৭ দিন৷ কার্তিকের শেষেই শীতের আমেজ পশ্চিমবঙ্গে!আগামী ২ থেকে ৩ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রার খুব একটা বড়সড় হেরফের হবে না। খুব কাছাকাছিই থাকবে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরবঙ্গের দুই জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের ৪ জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শনিবার(১৬ নভেম্বর)ও আগামিকাল রবিবার(১৭ নভেম্বর)ঘন কুয়াশায় ঢাকবে মালদহ ও উত্তর দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটার ছুঁতে পারে পর্যন্ত।
এদিকে দক্ষিণবঙ্গের ৪ চার জেলায় মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে৷ পরে যদিও দিনভর পরিষ্কার আকাশ থাকতে পারে। কলকাতায় উইকেন্ডে আপাতত মনোরম আবহাওয়া থাকবে। একইসঙ্গে থাকছে হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৩ শতাংশ।