নিজস্ব প্রতিনিধিঃ পূর্ণলাভ করতে গিয়ে মহাকুম্ভ থেকে ফেরা হল না বাড়ি। কুম্ভে যাওয়ার পথেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার তিনজন পুণ্যার্থীর । এনারা সকলেই ছিলেন পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপ্লাডি গ্রামের বাসিন্দা । স্বাভাবিকভাবেই তাদের মৃত্যুর খবর আসায় এলাকায় নেমেছে শোকের ছায়া ।
জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি পুরুলিয়ার টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে বাসে করে একই পরিবারের তিনজন সদস্য প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । সেইসময় বাসের মধ্যে ছিলেন গোপলাডি গ্রামের ১৩ জন বাসিন্দা। ভোরবেলা বাসটি প্রয়াগরাজের উতারামপুর থানা গিয়ে দাঁড়ায় । আর তখন শৌচকর্ম করার জন্য বাস থেকে নামেন তিনজন । ওইসময়ই তাঁদের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান গোপলাডির তিন বাসিন্দা ।
নিহতরা হলেন- জাগরী মাহাতো (৪৫), কুন্তি মাহাতো (৬৫) এবং আলপনা মাহাতো (৪৪) । জানা যায়, কুন্তী এবং আলপনা সম্পর্কে শাশুড়ি ও বৌমা। তাদের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন গোপলাডি এলাকার বাসিন্দারা । নেমেছে শোকের ছায়া । বলা বাহুল্য, ১৪৪ বছর পর এসেছে পূর্ণ যোগ । তাই দেশের পাশাপাশি বাংলার নানা প্রান্ত থেকে কুম্ভে যাওয়ার হিড়িক চলছেই। প্রতিদিন প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে কিছুদিন আগেই কুম্ভে ঘটে পদপিষ্টের ঘটনা । শুধু তাই নয় একাধিক বার তাঁবুতে লেগেছে আগুন । মেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । আর এবার মহাকুম্ভে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার তিন বাসিন্দা ।