নিজস্ব প্রতিনিধি : মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট। প্রবীণ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট চালায় একদল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৭ ডিসেম্বর)রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার পুঁইনিগ্রামে। মুখ ঢেকে বাড়িতে ঢোকে ৬-৭ জন ডাকাত। বাড়ির বাকি লোকজন সেই সময় বাইরে ছিলেন। বাড়িতে ওই সময় ছিলেন ২ বৃদ্ধা ও ১ যুবক। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।
ঘটনার পর ওই বাড়িতে পৌঁছোয় কাটোয়া থানার পুলিশ। ওই ২ বৃদ্ধা জানান, তাঁদের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবারের সদস্যদের কথায়, গভীর রাতে দরজায় ঘনঘন কড়া নাড়ার আওয়াজ পাওয়া যায়। দরজা খুলতেই বাড়ির সদস্য রাকেশ দাসের মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা। এরপর বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী।তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক পরানো ছিল।এরপর ২ প্রবীণ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে ওই দুষ্কৃতীরা। পরে তাঁদের মাথাতেও বন্দুক ঠেকানো হয়।
তাঁদের সন্দেহ, কেউ বাড়িতে নেই এই খবর ছিল ডাকাতদের কাছে। এলাকার কেউ সেই খবর আগে থেকেই জানত। তাঁরা হয়ত ডাকাতদের এই খবর বলে দিয়েছে।
এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে বৃদ্ধারা আতঙ্কে চিৎকার করলেই গুলিও ছোড়ে কয়েকজন ডাকাত। তবে তাতে কেউ আহত হননি। আলমারি ভেঙে লুটপাট চালানো হয়। বাধা দিতে গেলে মারধরও করা হয় তাঁদের। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা বেশ কয়েক ভরি সোনার গয়না, নগদ ৫০ হাজার টাকা এবং পিতল, কাঁসার বাসন চুরি করে। এরপর সেখান থেকে পালায়।