নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: রীতিমতো হইচই কাণ্ড পটাশপুরে । জয়েন্ট বিডিও’ র সঙ্গে একই সঙ্গে নিখোঁজ ব্লকের ডেভলপমেন্ট অফিসার। বৃহস্পতিবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুজনেই। অফিস থেকে বেরিয়ে দুজনেরই মোবাইল ফোন সুইচ অফ। এই ঘটনার কথা জানতে পেরে স্বাধীনতা দিবসে থানায় ছুটলেন বিডিও(BDO)। ব্লকের দুই আধিকারিকের নিখোঁজ এর ঘটনায় হুলস্থুল পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকে। জানা গেছে, পটাশপুর এক ব্লকের জয়েন্ট বিডিও(Joint BDO) রিমা পাত্র ও ব্লকের পঞ্চায়েত ডেভলভমেন্ট অফিসার(Devolopment Officer) রমাচন্দ্র মাঝি গত ১৪ই আগস্টের বিকেল থেকে নিখোঁজ। এই মর্মে পটাশপুর থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লকের বিডিও।
পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাশাসক থেকে শুরু করে রাজ্য পঞ্চায়েত দফতরেও তিনি এবিষয়ে জানিয়েছেন। স্বাধীনতা দিবসে ব্লক অফিসে পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজন করা হয়। তারপরে দুই আধিকারিক নিখোঁজ থাকার ঘটনায় গুঞ্জন উঠতেই থানায় ছুটলেন বিডিও । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত এই দুই সরকারি অফিসারের নিখোঁজের ঘটনায় মিসিং ডায়েরি(Missing Diary) লিপিবদ্ধ করা হয়েছে। দুজনের মোবাইল ফোনে লোকেশন ট্র্যাক করছে পুলিশ। রহস্যজনকভাবে দুজনে কেন স্বাধীনতা দিবসের আগের দিন বিকেল থেকে নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ।
উভয়ের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক কোন উদ্দেশ্যে নাকি একেবারে ব্যক্তিগত কোনো কারনে দুজনে নিখোঁজ হয়েছেন সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার বিডিও অফিসে গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে পুলিশ কথা বলবে। দুই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবের উপর নিকট আত্মীয় স্বজনদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে।