নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত ও মধ্যমগ্রাম জুড়ে আচমকা ছাই বৃষ্টি। আতঙ্কে সাধারণ মানুষ। শনিবার বিকেলে আচমকা আকাশ থেকে টুকরো টুকরো কালো পোড়া ছাই নেমে আসতে থাকে মাটিতে। বাজার হাটে যারা খোলা আকাশে জিনিসপত্র বেচেন তারাও আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির ছাদ গুলি ছাইতে ঢেকে যায়। কি কারনে এই ছাই বৃষ্টি তা যদিও প্রশাসনিক তরফে কিছু পরিষ্কার করে জানানো হয়নি । তবে এই কালো ছাই গৃহস্থের বাড়ির উঠোঁন , বহুতলের ছাদ ভর্তি হয়ে যাওয়াতে অসুস্থতা বোধ করেন অনেকেই। কেউ কেউ জ্যোতিষ শাস্ত্র মেনে বাড়ির উঠোনে গঙ্গাজল ও গোবর ছড়াতে থাকেন। তবে হটাৎ করে আকাশে এই ছাই ওরাকে কেন্দ্র করে কুসংস্কারের গুজব ছড়ায় মুহূর্তের মধ্যে।
সাধারণ মানুষের দাবি এর ফলে বাড়ির বহু জিনিস খাবার দাবার নষ্ট হয়েছে। বিষাক্ত ছাই হলে রোগবহনেরও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। করোনা কালে ২০২০ সালে এমন ঘটনা ঘটেছিল। সেই আতঙ্ক আজও মানুষকে পিছু তাড়া করে বেড়াচ্ছে। কেউ কেউ মনে করে হয়তো কোন বড় ধরনের আগুন লেগেছে তারই ছাই বাতাসে উড়ে আসছে। নিউ ব্যারাকপুর(Barrackpore) থেকে শুরু করে নীলগঞ্জ রোড(Nilganj Road) সহ বারাসত(Barasat), মধ্যমগ্রাম(Madhyamgram) জুড়ে এই গুজবের ছাই-বৃষ্টিতে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই সেই মুহূর্তকে মোবাইল বন্দি করার চেষ্টা করেন। অনেকে বাড়ির ছাদে উঠে এই দৃশ্য স্বচক্ষে দেখার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। শনিবার চৈত্র মাসের শেষ দিনে অমাবস্যা তিথি থাকাকালীন এই ঘটনা অনেককেই আতঙ্কিত করে তোলে।
আবার যখন ঘটনা ঘটে সেই সময় সূর্য গ্রহণ চলছিল। ফলে অনেকেই ভয় পেয়ে ঘরে ঢুকে পড়েন। এক অজানা গুজবের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন বারাসত, মধ্যমগ্রাম ,নীলগঞ্জ, নিউ ব্যারাকপুর এলাকার মানুষজন।এদিকে এই আতঙ্কের মধ্যে হঠাৎ খবর এসে পৌঁছে যে সোদপুরে ২১ নম্বর ওয়ার্ডে মহেন্দ্র নগরে জঙ্গলে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলছে জঞ্জালের স্তুপ। সেই আগুনের ছাই উড়ে এসে বারাসত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর এলাকায় পড়েছে কিনা তা খতিয়ে দিচ্ছে প্রশাসন।