নিজস্ব প্রতিনিধি, বালি: নিবেদিতা সেতুতে টোল প্লাজার কাছে বাস দুর্ঘটনা। আসানসোলের দুর্গাপুর থেকে একটি যাত্রীবোঝাই বাস নিবেদিতা সেতু(Nibedita Setu) হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বৃষ্টির মধ্যে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ডরেলে ধাক্কা মারে গ্রীন লাইনের একটি বাস। একজন বয়স্ক যাত্রী ছিটকে পরে রাস্তায়। কমপক্ষে ১০ থেকে ১২জন আহত।
সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালি থানা(Bally P.S.) এবং বালি ট্রাফিক পুলিশ। উদ্ধার কাজে এগিয়ে আসে নিবেদিতা সেতুর টোল প্লাজার কর্মীরা। পুলিশ নিবেদিতা সেতুর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। বৃষ্টির মধ্যে রাস্তা পিছল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। বাসটি আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুতগতিতে ছুটছিল বাসটি। বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সে টোল প্লাজার গার্ড রেলে ধাক্কা মারে।
বাসের ভিতর থাকা এক ব্যক্তি জানিয়েছেন তিনি ওই বাসে যাচ্ছিলেন, বাসটি হঠাৎ টান নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে বেঁকে গার্ডরেলে গিয়ে ধাক্কা মারে। তখন ছিটকে বাস থেকে পড়ে যান একজন মহিলা। সকলে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। বাস চালক তাড়াতাড়ি বাস থেকে নেমে পালিয়ে যায়। ওই মহিলা যাত্রীকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ এসে রে-কার ভ্যান দিয়ে ওই বাসটিকে থানায় নিয়ে যায়। আহত-যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করে। বাকি সুস্থ-যাত্রীদের অন্য বাসে করে গন্তব্য স্থলে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।