নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালে হাসপাতালে চলছে চিকিৎসকদের দাদাগিরি। প্রায় প্রতিদিন সামনে আসছে এই খবর। আর এই আবহে চিকিৎসার জন্য প্রসূতির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমা হাসপাতালে। তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
পরিবারের লোকজন জানিয়েছেন, চিকিৎসার জন্য কর্তব্যরত নার্স প্রসূতির কাছ থেকে চেয়েছে ৩ হাজার টাকা। আর তা দেওয়ায় এক চিকিৎসক প্রসূতিকে মারধরও করেছে। তাই এই ঘটনার পর হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে রোগীর পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ভবানীনগর গ্রামে এক মহিলা। কিন্তু তাঁকে প্রসব না করিয়েই রবিবার সন্ধ্যে বেলায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়িতে গিয়েই এক পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। সোমবার মা ও বাচ্চার শুশ্রূষার জন্য তাঁকে ফের মুর্শিদাবাদ মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবার। আর তখন শুরু হয় নার্সদের তোলাবাজি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তবে হাসপাতাল সুপার এই ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন রোগীর পরিবারকে। কিন্তু কেন নার্সরা এমন ব্যবহার করল রোগীর সঙ্গে তা নিয়ে উঠছে প্রশ্ন।