নিজস্ব প্রতিনিধিঃ- বর্ষবরণের আনন্দে ফেস্টিভ মুড়ে আছে রাজ্যবাসী। ছুটির মেজাজে এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে রেড়াচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালি। সমুদ্রতটের পাড়ে বসে নববর্ষকে স্বাগত জানাতে অনেকেই পাড়ি দিচ্ছেন দিঘায়। থাকাচ্ছেন বেশকিছু দিন। এবার পর্যটকদের নিরাপত্তার দিক জোর দিতে চালু হচ্ছে নয়া নিয়মবিধি।
বিগত কিছুদিন আগে দিঘা, শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দিঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলির সাথে এই বৈঠক হয়। সেই বৈঠকেই একগুচ্ছ নিয়মের উঠে এসেছে।
কী কী নিয়ম চালু হচ্ছে-
১. হোটেলের বর্জ্য রাস্তা বা নালা-নর্দমায় ফেললে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আইনি পদক্ষেপও করা হবে।
২. DSDA থেকে ২ টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন DSDA–র বর্জ্যবাহী গাড়িতেই ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না এলে ফোন করতে হবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বরও দিয়ে দেওয়া হয়েছে।
৩. পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক। ‘স্বাগত’ পোর্টালে পর্যটকদের সম্পর্কে তথ্য আপলোড করতে হবে।
৪. কোনও পর্যটককে নিয়ে সন্দেহ হলে, সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সচিত্র পরিচয় পত্র খতিয়ে দেখতে হবে।
৫. ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ (TCAC) রেজিস্টার অনুযায়ী দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত পোর্টালের মাধ্যমে দিতে হবে ওই চার্জ।
উল্লেখ্য, চলতি বছরের গত এপ্রিল মাসে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে যুক্ত থাকার অপরাধে দুই জঙ্গিকে দিঘার হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। আধার কার্ডে নাম পরিবর্তন করে লুকিয়ে ছিলেন তাঁরা। পর্যটকদের মতো একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন তাঁরা। পরে তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে হোটেল সংগঠকরা। তাই নিরাপত্তাকে আঁটসাঁট করতেই চালু হচ্ছে এই নিয়ম।