নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে আগামী ৭ থেকে ১০ অগস্ট পর্যন্ত চলবে চারদিনব্যাপী বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের আদিবাসী সংস্কৃতির নানা দিক তুলে ধরতে অনুষ্ঠিত হতে চলেছে নৃত্য, গান, আলোচনা, টক – শো সহ নানাবিধ পরিবেশনা। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, ৬ অগস্ট মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন। সেদিন তিনি রাত্রি বাস করবেন ঝাড়গ্রাম রাজবাড়িতে(Jhargarm Rajbari)।পরদিন ৭ অগস্ট তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
একই দিনে শহরে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিলেও করবেন তিনি। এই উপলক্ষে শহরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা। অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। দপ্তর সূত্রের খবর, উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। এর মধ্যে রয়েছে জাতিগত শংসাপত্র, মেধাশ্রী, শিক্ষাশ্রী, সাইকেল প্রদানসহ একাধিক সুবিধা। অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন বিভিন্ন আদিবাসী ঘরানার পাঁচ থেকে ছয়টি সাংস্কৃতিক দল নৃত্য ও সংগীত পরিবেশন করবে।
পাশাপাশি, থাকছে বিষয়ভিত্তিক আলোচনা সভা ও টক শো। রামকৃষ্ণ মিশন পরিচালিত একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরাও এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা করবে। তবে মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্তভাবে জেলা প্রশাসনের কাছে না পৌঁছানোর কথা জানিয়েছেন ঝাড়গ্রামের জেলাশাসক(DM) সুনীল আগরওয়াল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। তবে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।” বিশ্ব আদিবাসী দিবসকে কেন্দ্র করে ঝাড়গ্রামে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।