নিজস্ব প্রতিনিধিঃ পরকীয়া সন্দেহে যুগলকে ধরে মারধর। এমনই ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচকে। অভিযোগ উঠেছে সালিশি সভা বসিয়ে ওই যুগলের শাস্তির নিদান দেওয়া হয়। এরপর আচমকাই তাদেরকে ধরে মারধর করা শুরু করে গ্রামবাসী। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে ওপর আক্রমণ চালায় উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামে। এক যুগলকে আমবাগানে দেখতে পেয়ে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে তাঁদের আটক করে গ্রামবাসীদের একাংশ। এরপরেই রাস্তায় তুলে এনে যুগলকে বিদ্যুৎতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর শুরু হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিলেন কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী। তাঁর গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। তবে অনেক চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে আইসি সুমন রায়চৌধুরী জানিয়েছেন,’ মারধরের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। যুগলরা উদ্ধারের চেষ্টা করতেই পুলিশের উপর চড়াও হয় বেশ কয়েকজন। তাদের প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র-সহ ইটপাথর ও লাঠি ছিল। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‘ তবে কী কারণে গ্রামবাসীরা ওই যুগলকে মারধর করল তা নিয়ে উঠছে প্রশ্ন।