নিজস্ব প্রতিনিধি, উল্টোডাঙা: বর্তমানে ভারত ও পাকিস্তানের সংঘাতে উত্তপ্ত গোটা দেশ। মূলত পহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে একটি সফল অভিযান চালানো হয়। তার পর থেকেই আরও দুশ্চিন্তা বেড়ে যায় রাজ্যের বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন সকলের পাশে থাকার।
সাম্প্রতিক আবহে রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টাস্ক ফোর্স গঠন করেন। তাঁদের নির্দেশ দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন- চাল, ডাল, নুন, তেল, শাকসবজি, মাছ, মাংস ও ডিম ইত্যাদি জিনিসের দাম যাতে অগ্নিমূল্য না হয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা দেখার জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত এই টাস্ক ফোর্সের সদস্যরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন বলে জানা যায়। তাঁরা খতিয়ে দেখছেন কোনও জিনিসের দাম বেড়েছে কিনা, যদি কোনও জিনিসের দাম বেড়ে থাকে তাহলে অবিলম্বে দোকানদারদের নির্দেশ দেওয়া হচ্ছে দাম কমানোর। কড়া নির্দেশে বাজারে বলা হচ্ছে ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করতে হবে সকলকে।
টাস্ক ফোর্সের তরফ থেকে যুদ্ধের আবহে কালোবাজারি না করার জন্যও সচেতন করা হচ্ছে। এই আবহের সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তাই এই আধিকারিকরা আজ অর্থাৎ সোমবার উল্টোডাঙা খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখেন। উল্টোডাঙা বাজারে সোমবার সবজি দর যথাক্রমে – আলু ২০ থেকে ২৫ টাকা, পিঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ১০০ টাকা, টমেটো ৩০ টাকা, পটল কুড়ি টাকা, বেগুন ৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, ঢেড়স ৫০ টাকা, রুই মাছ ১৫০ টাকা, কাতলা মাছ ২০০ টাকা। ইলিশ মাছ ৮০০ থেকে ১২০০ টাকা। গলদা চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা। মুরগির ডিম ৬ টাকা হাঁসের ডিম ১২ টাকা।