নিজস্ব প্রতিনিধিঃ বাঘাযতীনে বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারকে গ্রেফতার করল পুলিশ । বৃহস্পতিবার বকখালির এক রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ । জানা গিয়েছে, ধৃতের নাম সুভাষ রায় । ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । বলা বাহুল্য, মঙ্গলবার বহুতল বিপর্যয়ের পর অভিযুক্ত প্রমোটার বকখালিতে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
বাঘাযতীনের ঘটনায় এদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে আরও একবার মনে করিয়ে দিলেন, জলাভূমি বুজিয়ে বাড়িটির নির্মাণ শুরু হয়েছিল সিপিএম আমলে। ফিরহাদ বলেন, ‘বাম আমলের পাপ বহন করছি আমরা। বেআইনি ভাবে সব বাড়ি তৈরি করা হত । কোন প্ল্যানিং ছিল না । আমরা আসার পর আইন করে জলাভূমি বোজানো বন্ধ করেছি।‘
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে। বাড়িটির এক তলার কিছু অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ওই বাড়িতে কোন বাসিন্দা ছিল না বলে প্রাণহানির ঘটনা ঘটেনি । এই ঘটনায় প্রোমোটার সুভাষ রায় ও আট বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । তবে এই গত দুই দিন ধরে অধরা ছিল অভিযুক্ত। অবশেষে এদিন অভিযুক্ত সুভাষকে গ্রেফতার করল পুলিশ ।