নিজস্ব প্রতিনিধি: সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এল প্রিন্টার মেশিন এবং পাঞ্চিং মেশিন । রবিবার বিকেলে এই দুটি মেশিন নিয়ে এল সিবিআই । সন্দীপ ঘোষের বাড়িতে একটি চিঠি আসে। সেটা রিসিভ করে সিবিআই। এই মুহূর্তে বাড়ির ভেতর সিবিআই তার জেরা পর্ব এবং অন্যান্য প্রক্রিয়া চালাচ্ছে। তার কাছ থেকে যে সকল গুরুত্বপূর্ণ নথি আরজি করের আর্থিক লেনদেনের দরুন পাওয়া গিয়েছে, তার প্রিন্ট আউট নিল সিবিআই। এই সকল গুরুত্বপূর্ণ নথিগুলি আদালতে পেশ করবে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রবিবার সকালে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআই টিম।
আরজি কর কান্ডের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা দেয়। রবিবার সকালে সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মেডিকেল গুডস সাপ্লাইয়ার তারা মা ট্রেডার্স সংস্থার মালিক বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই(CBI) হানা দেয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে বিপ্লব সিংহ। তাই তার বাড়িতে সকাল বেলায় সিবিআইয়ের হানা। সিবিআই এর কাছে বিপ্লব সিংহের বাড়ির তথ্য ভুল থাকায় সকালবেলায় এলাকারই তারা মা বিল্ডার্সে সেখানে হানা দেয়।এর ফলে ওই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অন্যদিকে, রবিবার সকাল থেকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের(Sandeep Ghosh) বাড়িতে সিবিআই -এর যে তল্লাশি শুরু হয়েছে সেখানে দুপুর নাগাদ অফিসারের সংখ্যা আরো বাড়ানো হয়। মোট আটজন অফিসার সেখানে প্রবেশ করেন। তারমধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন। দুপুরে অতিরিক্ত ছয় জন গোয়েন্দা অফিসার সেখানে প্রবেশ করেন। সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সংখ্যা বাড়ানো হয়।
সকাল বেলা এক ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই অফিসারদের সন্দীপ ঘোষের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। সকাল আটটা বেজে ছয় মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারেন সিবিআই অফিসাররা। একই সঙ্গে রবিবার কেষ্টপুরে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশীষ সোমের বাড়িতেও সিবিআই হানা দেয়। আরজি করের আর্থিক দুর্নীতি কেলেঙ্কারির বিষয়ে মোট ১৫ জায়গায় হানা দিয়েছে সিবিআই। দুপুরের পর সিবিআই – এর একটি দল সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হয়ে যায়। অপর আরেকটি টিম তার বাড়িতে রয়েছে। আরজি কর হাসপাতালের এই আর্থিক কেলেঙ্কারিতে সন্দীপ ঘোষ ছাড়াও আরো বেশ কয়েকজনের নাম রয়েছে। রবিবার এন্টালিতে(Entally) প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও আনা দেয় সিবিআই। এদিকে দুপুরের পর আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট বাড়ি থেকে বের হয়ে তার নিজের গাড়িতে রওনা দেন। তার গাড়ির পিছনে সিবিআই এর টিম অনুসরণ করতে শুরু করে।