নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর মধ্যেই খাস কলকাতায় ঘটল মর্মান্তিক ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে আচমকাই বোমা বিস্ফোরণ। আর তাতে গুরুত্বর জখম হন এক কিশোর। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চলছে চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে কলকাতার পাটুলিতে।
বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে কিশোরকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কীভাবে বিস্ফোরণ হল, সে সংক্রান্ত তথ্যের খোঁজে ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানিয়েছেন,’ এদিন সকাল ১১ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে মাঠে যাই। গিয়ে দেখি ছেলেটার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‘
উল্লেখ্য, এই ঘটনাটি যেখানে হয়েছে সেই মেলার মাঠ, পাটুলি থানা থেকে একেবারে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত। সেখানে কীভাবে বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিষিদ্ধ কোনও বাজি হয়তো মেলার মাঠে পড়েছিল আর সেটা থেকেই ঘটে বিস্ফোরণ। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবেই আচমকাই বিস্ফোরণ হওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।