নিজস্ব প্রতিনিধিঃ ভোর রাতে আচমকাই শিয়ালদহের ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড। শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলার পোস্ট অপারেটিভ এইচডি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ভস্মীভূত হয়ে যায় পোস্ট অপারেটিভ এইচডিইউ এবং পাশের অপারেশন থিয়েটার । আর তাতেই দমবন্ধ হয়ে প্রাণ হারালেন এক রোগী। মৃতের নাম উত্তম বর্ধন।
সূত্রের খবর, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের মধ্যে প্রায় ৮০ জন রোগী ভর্তি ছিল। তবে সেইসময় সমস্ত রোগী ঘুমিয়ে থাকায় নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় হাসপাতালের কর্তৃপক্ষ। তাদের মধ্যে দু’জন আশঙ্কাজনক ক্যানসারের রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে সরানো হয়েছে । এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
তিনি জানান,’ পুজোর কারণে অনেক রোগীই ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন। সেইজন্য বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। দমকলকর্মীরা সাহসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।‘ তবে কীভাবে এই আগুন লাগল তা এখন জানা যায়নি। তদন্তে নেমেছে দমকল বিভাগ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেল সার্জারি ওয়ার্ড থেকেই এই আগুনের সূত্রপাত হয়। ইতিমধ্যেই হাসপাতালের কর্তৃপক্ষের তরফে জানানো, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ অর্থাৎ আউটডোর বন্ধ থাকবে। এরফলে যারা চিকিৎসার কারণে যারা হাসপাতালে পৌঁছেছিলেন তাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে।