নিজস্ব প্রতিনিধি: কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি সহ বিস্তীর্ণ এলাকার মৎস চাষীরা। বিদ্যাধরী নদীতে(Bidyadhari River) লেদার কমপ্লেক্সের অ্যাসিড(Acid) যুক্ত জল এসে মেশায় মরে যাচ্ছে মাছ। কোন মাছি চাষ করা যাচ্ছে না ওই নদীর জলে।এই সমস্ত এলাকার মৎস্য চাষীরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন। কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাঘজোলা খাল হয়ে হাড়োয়ার কুলটি লগ গেট(Haroa Kulti Lock Gate) দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে।
এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষীদের। এই সমস্ত এলাকার অর্থনীতির নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসায়ীদের ওপরে। কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিকাল মিশ্রিত জলে। মৎস্য চাষীদের দাবি এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত আনতে পারে।
যার দরুন ওই অঞ্চলের বহু মানুষ তাদের রুজি – রোজগার হারাবেন। যদি কর্তৃপক্ষ বিষয়টি না দেখে তবে তারা আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।এর আগেও এই জলের দূষণ নিয়ে গ্রিন ট্রাইব্যুনাল কোটে মামলা হয়। পরিবেশ আদালত এই ধরনের দূষণ ঢুকতে একাধিক নির্দেশ জারি করে। কিন্তু তারপর ফের বিদ্যাধরী নদীতে এই ধরনের নতুন করে দূষণ শুধু হওয়ায় চিন্তিত মৎস্য চাষিরা।