নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ ঘিরে বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটির বদলে ঈদুল ফিতরের ছুটি দুদিন করা নিয়ে বিতর্ক।নোটিশ কাণ্ডে শোকজ কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে। চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধারাকে অবিলম্বে কেন ওই ধরনের নোটিশ জারি করা হয়েছে তার কারণ দর্শাতে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, তার কারণ জানার পর কড়া ডিসিপ্লিনারি একশন নেওয়া হবে এই বিষয়ে।
শিক্ষা বিভাগের একটি নোটিশকে ঘিরে ঘটনার সূত্রপাত।কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ওই নোটিশ করা হয়েছিল। কলকাতা পুরসভা এই নোটিশ সম্পর্কে কিছু জানতো না। ওই নোটিশ বাতিল করা হয়েছে।এরপরই শোকজ করা হয় শিক্ষা বিভাগের আধিকারিক কে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে সাফাই পেশ কলকাতা পুর সভার।আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।তাহলে কি চাপে পড়ে ছুটি নিয়ে বিজ্ঞপ্তি বাতিল করল কলকাতা পুরসভা। প্রশ্ন তুলেছে বিরোধীরা।
তড়িঘড়ি নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি ছুটি তালিকা অনুযায়ী ছুটি ঘোষণা হবে। কলকাতা পুরসভার সূত্রে খবর, কলকাতা পুরসভা এলাকায় হিন্দি এবং উর্দু ভাষায় স্কুল গুলোর জন্য যে ছুটির তালিকা প্রকাশ হয়েছে তাতেই বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে দুদিন ছুটি দেওয়া হয় ইদে। তাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। প্রতিবাদে সরব হন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ অনেকে।