নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ৩ বছর ৮ মাস। আর তাতেই গড়লেন বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু। তিনি হলেন বাংলার কৈখালির অনীশ সরকার। সে ভেঙে দিয়েছে ভারতেরই তেজস তিওয়ারির রেকর্ড। জানা গিয়েছে, ছোট থেকে অনীশের দাবাই ধ্যানজ্ঞান। সারা দিন কেটে যায় পড়াশোনা আর দাবা নিয়েই।
গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১৩ দুটি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনীশ। পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে রেকর্ড গড়ার দিকে এগিয় গেল বাংলার এই খুদে দাবাড়ু। শুধু তাই নয় রাজ্যের অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায় রেটিং থাকা দুই দাবাড়ুকে হারিয়ে দিয়েছে অনীশ। পেয়েছে ১৫৫৫ ফিডে এলো রেটিং । তবে অনীশ এতটাই ছোট যে চেয়ার বসে ঘুঁটিতে হাত পায় না। চেয়ারের ওপর বসে খেলতে হয়। আর তাতেই অনীশকে ঘিরে শুরু হয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন ।
অনীশ সেন্ট জেমস স্কুলের লোয়ার নার্সারির ছাত্র। বাবা স্কুলে অঙ্কের শিক্ষক। মা গৃহবধূ। ছেলের কৃতিত্বে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা-মা। অনীশের মা জানান , ‘ও তো খুব ছোট থেকেই সব কিছু মুখে দেওয়ার অভ্যেস। তাই দাবা নিয়ে বসিয়ে দেওয়া হত ওকে। ইউটিউব দেখে দেখে খেলা শিখত। তাই দাবার প্রতি ওঁর ভালোবাসা দেখেই দিব্যেন্দু বড়ুয়ার কাছে নিয়ে যাই। সেখানেই অনীশের দাবাতে হাতেখড়ি।‘ শুধু তাই নয় অনীশের মা আরও জানান,’ দাবা খেলতে গিয়ে হেরে গেলে চাই মটন বিরিয়ানি, জিতলে চাই চিকেন বিরিয়ানি। তাতেই বুঝতে পারতাম ছেলে খেলায় জিতবে না হারবে।‘ তবে অনীশের এই সাফল্যে আনন্দিত তাঁর শিক্ষক দিব্যেন্দু বড়ুয়া।