নিজস্ব প্রতিনিধিঃ রেশন কার্ডের ঠিকানা বা বয়স বদলের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে। প্রয়োজন নেই কোন দফতরে যাওয়ার। এবার থেকে বাড়িতে বসেই কম্পিউটারে করে ফেলতে পারবেন রেশন কার্ডের বিভিন্ন কাজকর্ম। বৃহস্পতিবার বিধানসভা থেকে একথা জানালেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।
এদিন তিনি জানান, ‘গোটা দেশের মধ্যে বাংলায় প্রথম এটি শুরু হয়েছে। রেশন দফতরের যে অ্যাপস রয়েছে সেখানেই গ্রাহকরা করে ফেলতে পারবেন রেশন কার্ডে ভুল সংশোধন। বাড়িতে বসেই এই কাজ করা যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতেই এই পদ্ধতি আনা হয়েছে।‘
শুধু তাই নয় এই অ্যাপসের মাধ্যমে এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনও রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেই আবেদন করা যাবে। এছাড়াও যারা রেশন দোকান থেকে কোন সামগ্রী কেননা , সেইজন্য কার্ড সারেন্ডার করতে চান তাঁরাও অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন। একথায় এখান থেকেই স্পষ্ট যে এই রেশন দফতরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই করে ফেলতে পারবেন একাধিক কাজ। আর এই অ্যাপের মাধ্যমে সমস্যা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।