নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতায় জঘন্যতম ঘটনা! ৯ বছরের শিশু কন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতন চালাল এক ২২ বছরের যুবক। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, বুধবার (৪ জুন ২০২৫) দুপুরে মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলী স্ট্রিটে। বৃহস্পতিবার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ২২ বছরের যুবক অর্কজ্যোতি কুণ্ডু ওরফে ছোটকাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) আদালতে তোলা হয়েছে যুবককে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
অভিযোগ ৯ বছরের শিশু কন্যাকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে ওই যুবক। অর্থাৎ ২২ বছরের যুবকের লালসার শিকার হয়েছে নিষ্পাপ শিশুটি। এ বিষয়ে শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার দিন বাড়ির কাছেই ভাই বোনের সঙ্গে খেলছিল ওই ৯ বছর বয়সী শিশুকন্যা। তখনই পাড়ার ওই যুবক অর্কজ্যোতি কুন্ডু, শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে যায়। এবং ঘরের মধ্যে নিয়ে গিয়ে সে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়।
এরপর শিশুটি চিৎকার শুরু করতেই ছুটে আসেন প্রতিবেশীরা। এবং শিশুটি কে উদ্ধার করেন এবং যুবককে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, অর্কজ্যোতি কলেজের ছাত্র। এলাকায় তাঁর ভালো সুনাম রয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, অর্কজ্যোতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১), ৬৫(২), ৭৫, ৩৫১(৩) ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে পকসো অ্যাক্টের ৬ ধারতেও মামলা দায়ের হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে যুবককে পুলিশ হেফাজতে রেখে তদন্ত প্রক্রিয়া চালানো হবে। রাজ্যে দিনের পর দিন শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। শুক্রবার বীরভূম থেকেও একটি সাংঘাতিক ঘটনা সামনে এসেছে। যেখানে নিজের মেয়েকে হাত-পা বেঁধে মাদক খাইয়ে ২ মাস ধরে ধর্ষণ চালায় গুণধর বাবা।