নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীদের হাতে আটক যুবককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত আইসি(IC) সহ থানার দুই সাব ইন্সপেক্টর(SI)। পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার ৫।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর গ্রামের ডাটিয়ান গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৈজনাথপুর গ্রামের এক যুবক ডাটিয়ান গ্রামে এক যুবতিকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীর হাতেনাতে ধরা পরে।সঙ্গে সঙ্গেই তাঁকে আটকে রেখে গ্রামে সালিশি সভা বসান মাতব্বররা। অভিযোগ, সালিশি সভায় ওই যুবকের শাস্তির নিদান দেওয়া হয়।
খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ এলাকায় গিয়ে ওই যুবককে তাদের হাতে তুলে দিতে বলে গ্রামবাসীদের। কিন্তু তা না করে গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর চড়াও হয়। গাড়ি আটকে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। খানার আইসি এবং দুই সাব ইন্সপেক্টরকে লাঠি – বাঁশ দিয়ে পেটানো হয়।পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুই সাব ইন্সপেক্টর শঙ্কর রজক এবং নিত্যানন্দ সাহা,এছাড়াও আইসি মনোজিৎ সরকার এবং থানার মহিলা পুরুষ সিভিক ভলেন্টিয়াররাও কমবেশি আহত হয়েছেন।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। ওই গ্রামে পুলিশ পিকেটিং চলছে। যারা অন ডিউটি অবস্থায় পুলিশদের উপর আক্রমণ করছে তাদের সবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইন হাতে তুলে নিয়ে যে বা যারা ওই গ্রামে সালিশি সভা বসিয়েছিল তাদের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। প্রত্যেকেই যারা জড়িত এই ঘটনায় তাদের গ্রেফতার করা হবে বলে হরিশচন্দ্রপুর থানার আইসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। থমথমে এলাকা। পুরুষ শূন্য হয়ে গেছে গোটা গ্ৰাম। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ওই তৃণমূল নেতার দাবি তিনি বিচার বসাননি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই ঘটনার নিন্দা জানিয়েছে। রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি।