নিজস্ব প্রতিনিধিঃ কোন জিনিসই ফেলনা নয়। ফের এই কথাটা আবারও প্রমাণিত হল। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা বানিয়ে তাক লাগাল নদিয়ার ১৩ বছরের কিশোর সংলাপ নাথ। সে কাগজ,আঠা ও কাপড়-সহ থার্মোকলের পাতা দিয়ে অভিনব পন্থায় তৈরি করে ফেললেন দুর্গাপ্রতিমা। এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস।
ওই কিশোর নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরের বাসিন্দা। বর্তমানে ওই কিশোর কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এরআগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক। আর এবার কাগজ,আঠা ও কাপড়-সহ থার্মোকলের পাতা দিয়ে বানিয়ে ফেলল দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা দেখে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। তবে এই দুর্গাপ্রতিমা কোন মণ্ডপে পুজিত হবে না। কিশোরের বাড়িতেই থাকবে এই দুর্গা প্রতিমা।
এই দুর্গাপ্রতিমা প্রসঙ্গে তাঁর অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু জানিয়েছেন, ‘খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারা বছরই নানা রকম কাজ করে । আমি চাই ওর প্রতিভা আরও উন্নতি করুক। ওর হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক, তাতেই যেন পরিবেশ চিন্তাধারার ভাবনা আরওদৃঢ়তা পায়।‘