নিজস্ব প্রতিনিধি, বীরভূম: খয়রাশোল থানার পর এবার এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ গ্রেপ্তার করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার রাত্রি ৯ টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাসের নেতৃত্বে দুবরাজপুর থানার(Dubrajpur P.S.) পুলিশ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে। তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁর কাছ থেকে একটি ডবল বেরেল পাইপ গান এবং সেই সঙ্গে সেই পাইপ গানের ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এছাড়াও তাঁর হাতে ব্যাগের মধ্যে একটি সেভেন এমএম পিস্তল যার মধ্যে ৭ রাউন্ড গুলি ভর্তি ছিল। সেটাও উদ্ধার করে পুলিশ।
ধৃতের নাম সেখ আইনুল, বাড়ি খয়রাশোল থানার ইদিলপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃত সেখ আইনুল স্বীকার করেছে যে সে তাঁর সহযোগীকে এই বন্দুক,পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল। ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক, পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তাঁর সহযোগী তা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। ধৃতকে বুধবার দুবরাজপুর আদালতে(Dubrajpur Court) পেশ করা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়।
উল্লেখ্য, মঙ্গলবার দুবরাজপুর থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ব্রিজের নীচে থলি ভর্তি অস্ত্র উদ্ধার করে। তারপর গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করে।গত ২৮ জুলাই খয়রাশোল থানার পুলিশ ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করে। পরদিন এই অস্ত্র কারবারের মূল চক্রীকেও গ্রেপ্তার করে পুলিশ। এই তিনদিনের মাথায় দুটি থানা এলাকা থেকে অত্যাধুনিক মানের অস্ত্র এবং অস্ত্র কারবারীদের গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।