নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: সাত বছরের এক শিশুর কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে মুশিদাবাদ জেলার ডোমকলে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিশুটিকে ধর্ষণ করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। কিন্তু কালীপুজোর রাতে ভয়ে সে কাউকে কিছু বলেনি। শুক্রবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরে বাবা-মাকে সব কথা জানায়।
পরিবারের দাবি বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নাবালিকার আচরণে অসংগতি লক্ষ্য করছিল তারা। ওই নাবালিকার মা জানান তাকে তার মেয়ে শুক্রবার সমস্ত ঘটনা জানায়। এরপরই পরিবারের তরফের ডোমকল থানায় অভিযোগ দায়ের করা হয়। ডোমকলের(Domkal) মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজার জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলা করে তদন্ত শুরু হয়েছে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে তিনটি ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। আর এই তিনটি ক্ষেত্রেই নির্যাতিতারা হল নাবালিকা।
আলিপুরদুয়ারের ফালাকাটায়(Falakata) পাঁচ বছরের শিশুকে জিলিপি দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। শনিবার আরো একজন অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই ঘটনায়। এছাড়া শনিবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে এক নাবালিকাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে নিকট আত্মীয় যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ওই ক্ষেত্রেও অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি বৃহস্পতিবার রাতে পুজো করতে এসে এক পুরোহিত গৃহস্থের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।