নিজস্ব প্রতিনিধি: ফের স্বপ্ন ভঙ্গ। টোকিওতে পারলেও প্যারিস অলিম্পিক্স থেকে দেশকে সোনা এনে দিতে পারলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। বৃহস্পতিবার রাতে বর্শা নিক্ষেপের ফাইনালে বন্ধু পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হারতে হল তাঁকে। ৮৯.৪৫ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে দ্বিতীয় স্থানে থেকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। উল্টোদিকে অলিম্পিক্সের ইতিহাসে রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ। আর ৮৮.৫৪ মিটার দূরে বর্শা ছুড়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনালার এ পিটার্স।
এদিন জ্যাভলিনের ফাইনালে প্রথম রাউন্ডের লড়াইয়ে ছিলেন ১২। প্রত্যেকেই তিন বার করে বর্শা নিক্ষেপ করেন। সোনার পদক জয়ের লড়াইয়ে নামা নীরজের প্রথম থ্রো বাতিল হয়ে যায়। লাইনের বাইরে পা চলে যাওয়ার কারণে ওই থ্রো বাতিল করা হয়। প্রথম থ্রো বাতিল হলেও দ্বিতীয় থ্রোয়ে লড়াইয়ে ফেরেন নীরজ। খানিকটা গতি বাড়িয়ে ৮৯.৪৫ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেন। চলতি মরসুমে এটাই ছিল তাঁর সেরা থ্রো। প্রথম থ্রো’র মতো লাইনের বাইরে পা ফেলায় তৃতীয় থ্রোও বাতিল হয়ে যায় ভারতের সোনার ছেলে। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি। প্রাথমিক পর্বে সেরা আটজনের মধ্যে জায়গা করে নেওয়ার সুবাদে পৌঁছে যান চূড়ান্ত পর্বে। নীরজের পাশাপাশি চূড়ান্ত পর্বে ঠাঁই করে নেন পাকিস্তানের আরশাদ নাদিম এবং গ্রেনাডার এ পিটার্স।
যদিও চূড়ান্ত পর্বের প্রথম থ্রো-তে ফের ফাউল করেন নীরজ। বেশি দূরে ছুড়তে পারেননি বলে নিজেই লাইনে পা রেখে থ্রো-টি বাতিল করলেন। দ্বিতীয় তথা পঞ্চম থ্রো-ও বাতিল হয়ে যায় তাঁর। ফলে চাপে পড়ে যান টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ। মেজাজ হারাতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়কে।ষষ্ঠ থ্রোয়েও আরশাদকে ছাড়াতে পারেননি টোকিওতে সোনা জয়ী ভারতের সোনার ছেলে।