নিজস্ব প্রতিনিধি: ইডেনে গোধুলি বেলায় উঠল রাসেল ঝড়। ক্যারিবীয় ব্যাটারের ২৫ বলে অনবদ্য ৫৭ রানের অপরাজিত ইনিংসের দৌলতেই ‘বাঁচা-মরা’র ম্যাচে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০৬ রান তুলল কলকাতা নাইট রাইডার্স। প্লেঅফের লড়াইয়ে টিকে থাকতে হলে ২০৫ রানে রাজস্থান রয়ালসক বেঁধে রাখতে হবে অজিঙ্ক রাহানেদের।
টস জিতে এদিন ঘরের মাঠে প্রথমে ব্যাটিংএর সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক রাহানে। যদিও গোড়াপত্তন খুব একটা ভাল হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। দ্বিতীয় ওভারেই যুধবীর সিংহের বলে সাজঘরে ফিরে যান ওপেনার সুনীল নারাইন (১১)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান রহমনুল্লাহ গুরবাজ ও রাহানে।মারমুখী মেজাজে খেলে দুজনে ৫৬ রান যোগ করেন। অষ্টম ওভারে মাহেশ তিকশানার বলে সাজঘরে ফেরেন গুরবাজ। আউটের আগে করে যান ২৫ বলে ৩৫ রান। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। যদিও রান তোলার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। আগের ম্যাচগুলির মতোই ভাল শুরু করে বেশিদূর এগোতে পারেননি নাইট অধিনায়ক। ২৪ বলে ৩০ রান করে ফেরেন রাহানে।
তবে এর পরেই ম্যাচে নাটকীয় মোড়। অফ ফর্মে থাকা বেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠানো হয় আন্দ্রে রাসেলকে। ব্যাট করতে নেমে শুরুর দিকে গুটিয়ে ছিলেন তিনি। পরে থিতু হতেই হাত খুলে মারতে শুরু করেন। রাজস্থানের বোলারদের কার্যত তুলোধনা করেন। উল্টোপ্রান্তে থাকা রঘুবংশীও হাত খুলে মারতে শুরু করেন। তিনি ফেরেন ৪৪ রান করে। এর পর রাসেল ও রিঙ্কু সিংহ হাত খুলে পেটাতে শুরু করেন। থিকশানার এক ওভারেই তিন ছক্কা হাঁকান রাসেল। শেষ পর্যন্ত ২০৬ রানে পৌঁছয় কলকাতা। রাসেল ২৫ বলে ৫৭ এবং রিঙ্কু সিংহ ৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে রিয়ান পরাগ, মাহেশ থিকশানা, যুধবীর সিংহ ও জোফ্রা আর্চার একটি করে উইকেট নেন।