নিজস্ব প্রতিনিধি: লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হারের তেতো স্বাদ পেতে হয়েছে ভারতীয় দলকে। পাঁচটি শতরান সত্বেও টেস্টে হেরে ১৪৮ বছরের মধ্যে লজ্জার রেকর্ডবুকে নাম জুড়েছে শুভমন গিলদের। ওই হারের পরেই ভারতীয় দল থেকে ছুটি দেওয়া হল তরুণ পেসার হর্ষিত রানাকে। হেডিংলে থেকে বার্মিংহামে ভারতীয় দল রওনা করেছে। কিন্তু ওই দলে ছিলেন না আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বোলার অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলেও বল হাতে তেমন জ্বলে উঠতে পারেননি হর্ষিত। ‘ইন্ডিয়া এ’ দলের হয়ে ক্যান্টারবেরিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্টে খুব একটা প্রভাব ফেলতে পারেননি। ২৭ ওভার বল করে ৯৯ রান দিয়ে মাত্র একটি উইকেট ঝুলিতে পুরেছিলেন। ফলে তাঁর উপরে আর ভরসা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট।
হেডিংলেতে হারার পরে আগামী ৪ জুলাই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন শুভমন গিলরা। প্রথম টেস্টে যশপ্রীত বুমরা বাদে আর কোনও বোলারই দাগ কাটতে পারেননি। শার্দূল ঠাকুর-মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজারা দ্বিতীয় ইনিংসে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। ভারতীয় বোলারদের ছন্নছাড়া বোলিং আর ফিল্ডারদের জঘন্য ফিল্ডিংযের ফলে শেষ দিনে অনায়াসেই ৩৫০ রান তুলে জয় হাসিল করেছিলেন বেন স্টোকসরা। তাও আবার ৩৪ বল বাকি ছিল। ৯০ ওভার বল করে ইংল্যান্ডের ১০ ব্যাটারকে সাজঘরে ফেরাতে পারেননি টিম ইন্ডিয়ার বোলাররা। ফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
প্রথম টেস্টে হারের পরেই ভারতীয় শিবির বড়সড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে দ্বিতীয় টেস্টে সাই সুদর্শন খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। হেডিংলেতে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেছিলেন তরুণ ব্যাটার। যদিও তাঁর চোট নিয়ে টিম ম্যানেজমেন্টের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।