আন্তর্জাতিক ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় (West Asia) ধীরে ধীরে যুদ্ধের আগুন কী নেভার পথে? কারণ ক্ষেপণাস্ত্র হামলা ছেড়ে তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষই এখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছে। ইরানের দাবি মতো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইজরায়েলের মধ্যে ১০দিনের সংঘর্ষবিরতি লাগু করিয়েছে। সেই কারণেই গতকাল, শুক্রবার হরমুজ প্রণালি (Straight Of Hormuz) খুলে দিয়েছে ইরান। এবার পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে ফের একছাতার তলায় আগামী সোমবার বৈঠকে বসতে চলেছে তেহরান ও ওয়াশিংটন। সূত্রের খবর, পাকিস্তানের ইসলামাবাদে ফের দুই পক্ষ বৈঠকে বসছে। সূত্রের খবর, এবারের বৈঠকে শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আগামী রবিবার ইরান ও আমেরিকার প্রতিনিধিরা পৌঁছে যাবেন পাকিস্তানে।
পুরো খবরটি তেহরানের তরফেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। আমেরিকা ও ইরানের (IRAN) মধ্যে যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। তাঁদের দেশেই ফের বৈঠক করতে কখনও আমেরিকা আবার কখনও ইরান ছুটছেন পাক সেনা প্রধান আসীম মুনির। এই বৈঠকের বিষয়ে গত বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফের সঙ্গে দেখা করেন মুনির। তারপর থেকেই ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে ইতিবাচক সম্ভাবনা তৈরি হচ্ছে বল মত ওয়াকিবহল মহলের।
পশ্চিম এশিয়ার পরিবেশ শান্ত করার পিছনে পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাতারের এমির ও তুরস্কের প্রেসিডেন্ট। তবে দ্বিতীয় দফায় ইসলামাবাদে ইরান ও আমেরিকার বৈঠকে ওয়াশিংটনের তরফে কোনও উচ্চপদস্থ নেতা উপস্থিত থাকছেন কিনা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রথম দফার বৈঠকে যেমন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (J D VANCE) উপস্থিত ছিলেন। এবারে তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।